ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ তার দেশকে ‘বিজয় ঘোষণা’ করে চলমান যুদ্ধের ইতি টানার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, এমন একটি সমঝোতায় পৌঁছানো প্রয়োজন যা বর্তমান সংঘাতের অবসান ঘটাবে এবং ভবিষ্যতে নতুন সংঘাতের ঝুঁকিও কমাবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফরেইন অ্যাফেয়ার্সে প্রকাশিত এক নিবন্ধে জারিফ ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে একটি সম্ভাব্য রূপরেখা তুলে ধরেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
জারিফের প্রস্তাবিত পরিকল্পনায় বলা হয়, ইরান কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিতে পারে। এর বিনিময়ে নিজ দেশের পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো যেতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক ‘আক্রমণ না করার নীতি’ স্বাক্ষরের জন্য প্রস্তুত থাকা উচিত ইরানের। এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে একে অপরের ওপর হামলা না করার প্রতিশ্রুতি দেওয়া সম্ভব হবে।
এছাড়া, দুই দেশের জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রস্তাবও তুলে ধরেন জারিফ, যা উভয় পক্ষের জন্যই লাভজনক হতে পারে।
জারিফ মনে করেন, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে ইরান তার নিরাপত্তা উদ্বেগ কমিয়ে দেশের অভ্যন্তরীণ উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে আরও বেশি মনোযোগ দিতে পারবে। এতে দেশটি একটি নতুন ও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যেতে সক্ষম হবে।
0 Comments