সিবি ডেক্স: কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে স্থাপন করা প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি ‘বর্জ্যদানব’ অপসারণ করা হয়েছে। বিষয়টি সোমবার (২০ এপ্রিল) নিশ্চিত করেছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক জামাল উদ্দিন।
তিনি জানান, গত ১১ এপ্রিল দানবটি অপসারণের কাজ শুরু হয়ে টানা তিন দিন ধরে চলে এবং ১৫ এপ্রিল তা সম্পন্ন হয়। পরে সংগ্রহ করা সব প্লাস্টিক রিসাইক্লিংয়ের জন্য পাঠানো হয়েছে। পুরো কার্যক্রমটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত হয়।
জামাল উদ্দিন বলেন, কক্সবাজারের পরিবেশ ও প্রতিবেশ বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে কক্সবাজার-সেন্টমার্টিন উপকূলীয় অঞ্চল দেশের অন্যতম সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত। এ অঞ্চলের জীববৈচিত্র্য ও সামুদ্রিক প্রাণিসম্পদ মারাত্মক হুমকির মুখে রয়েছে।
তিনি আরও জানান, এ বাস্তবতায় বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রতি বছর কক্সবাজার-সেন্টমার্টিন উপকূলকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। তাদের লক্ষ্য প্লাস্টিক দূষণ কমিয়ে এই অঞ্চলসহ বঙ্গোপসাগরের সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা করা।
0 Comments