মিঠাপুকুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে জিডি

রংপুরের মিঠাপুকুরে সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলামকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী সাংবাদিক মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুজ্জামান।

খন্দকার রাকিবুল ইসলাম দৈনিক আমাদের সময় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল এশিয়া পোস্টের রংপুর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

অভিযুক্ত আহসান হাবীব নীরব (১৯) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মালডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি কলেজে পড়াশোনার সুবাদে প্রায় দুই বছর ধরে রংপুর নগরীতে অবস্থান করছেন।

ভুক্তভোগী সাংবাদিক জানান, সম্প্রতি মহাসড়কে বাস থামিয়ে চাঁদাবাজি এবং ভারতীয় সীমান্ত দিয়ে মাদক চোরাচালান নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ ও প্রস্তুতির কারণে কিছু ব্যক্তি তার ওপর ক্ষুব্ধ ছিলেন।

তিনি বলেন, “গত ১ এপ্রিল সন্ধ্যায় অভিযুক্ত নীরবের নম্বর থেকে আমার মোবাইলে কল দেওয়া হয়। তখন আমি মোটরসাইকেল চালাচ্ছিলাম বলে কল রিসিভ করতে পারিনি। পরে আমার মায়ের নম্বরে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং আমাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুজ্জামান জানান, ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments