কৃষকের প্রয়োজনে ভর্তুকি ও বিশেষ ট্রেনিং সেন্টার: প্রবাসী কল্যাণমন্ত্রীর ঘোষণা

সিবি ডেক্স: কৃষকদের উন্নয়ন ও ফসলের উৎপাদন বাড়াতে সরকার প্রয়োজনে সরাসরি ভর্তুকি দেবে বলে জানিয়েছেন শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রী জুড়ী অঞ্চলে কৃষি বিপ্লব ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বলেন, জুড়ী এলাকায় মিষ্টি লাউ, তরমুজ ও লেবুজাতীয় ফসলের ব্যাপক সম্ভাবনা রয়েছে। মাটি পরীক্ষা করে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, দক্ষ জনশক্তি গড়তে এই অঞ্চলে একটি বিশেষ ট্রেনিং সেন্টার খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে কৃষির পাশাপাশি বিভিন্ন দেশের ভাষা শিক্ষার কোর্সও অন্তর্ভুক্ত থাকবে, যাতে প্রশিক্ষিত হয়ে কৃষকরা বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান। তবে কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়া কাউকে বিদেশে না পাঠানোর বিষয়ে তিনি অনড় অবস্থান ব্যক্ত করেন।

অবৈধ পথে বিদেশ যাত্রা এবং মানবপাচার নিয়ে সর্তক করে আরিফুল হক চৌধুরী বলেন, আদম ব্যাপারীদের খপ্পর থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এবং অবৈধ ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে ৮১৯ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ করা হয়। জুড়ী উপজেলাকে দেশের অন্যতম বড় একটি কৃষি হাটে রূপান্তর করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

Post a Comment

0 Comments