অনলাইন ক্লাস চাই না, কিন্তু বিশ্ব চায়: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে অনলাইন ক্লাসের পক্ষে নন, তবে বৈশ্বিক বাস্তবতায় এর প্রয়োজনীয়তা রয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত তেল সংকটের কারণে শিক্ষা কার্যক্রমে অনলাইন-অফলাইন পদ্ধতি চালু রাখতে হচ্ছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করা হয়েছে। প্রায় ৭০০-৮০০ শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হলেও কেউই অনলাইন ক্লাস চায় না।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি নিজেও অনলাইন ক্লাস চাই না, কিন্তু বিশ্ব চায়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং ডিজিটালাইজেশনের দিকে যেতে হবে।”

এসময় শিক্ষামন্ত্রী আরও জানান, কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়ন্ত্রণে আনা এবং স্কুল-কলেজে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষক সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে নিয়োগের ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

Post a Comment

0 Comments