সেনবাগে ব্যবসায়ীর বাড়িতে মিলল ৫ হাজার লিটার তেল: ৫০ হাজার টাকা জরিমানা

সিবি ডেক্স: নোয়াখালীর সেনবাগে অবৈধভাবে মজুদ করে রাখা সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সেনবাগ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্য কাদরা এলাকায় ব্যবসায়ী ইমতিয়াজ ভূঁইয়ার বাড়িতে এই অভিযান চালানো হয়। সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম এই অভিযানের নেতৃত্ব দেন।

অভিযান সূত্রে জানা যায়, স্থানীয় তেল ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়া খুচরা বাজারে তেল বিক্রি না করে অধিক মুনাফার আশায় নিজ বাড়িতে বিপুল পরিমাণ তেল মজুদ করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ড্রামভর্তি ৪ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার পেট্রল উদ্ধার করা হয়। অবৈধভাবে এই জ্বালানি তেল মজুদের দায়ে অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম জানান, জব্দ করা তেলগুলো পরবর্তীতে মাইকিং করে সাধারণ ক্রেতাদের কাছে নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারী এবং অবৈধ মজুদদারদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments