ঈদগাঁওয়ে হকার অপহরণ, মুক্তিপণ দাবি এক লাখ টাকা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের কালিরছড়া এলাকায় ইব্রাহিম নামের এক ভ্রাম্যমাণ হকারকে অপহরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ভুক্তভোগীর ফুফাতো ভাই মো. কালাম সরদার জানান, প্রতিদিনের মতো ইব্রাহিম সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হন এবং সাধারণত দুপুর ২টার মধ্যে ফিরে আসতেন। তবে নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় সন্ধ্যা ৬টার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

তিনি আরও জানান, রাত ৭টার দিকে ইব্রাহিমের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে পরিবারের কাছে একটি কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, তাকে কালিরছড়া এলাকার একটি বাড়িতে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। একই সঙ্গে অপহরণকারীরা রাতের মধ্যে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়। এরপর কলটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় অপহৃতের ফুফাতো ভাই মো. কালাম সরদার ঈদগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

ইব্রাহিম পেশায় একজন ভ্রাম্যমাণ হকার। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের গ্রাহানপুর এলাকায়।

এ বিষয়ে ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, কালিরছড়া এলাকার ভুতিয়াপাড়া সংলগ্ন একটি স্থানে অপহৃত হকারের কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় ক্লু সংগ্রহের চেষ্টা অব্যাহত আছে।

Post a Comment

0 Comments