Recents in Beach

ব্রেকিং নিউজ

ভুয়া সনদে নিয়োগ পাওয়া ৪৭১ শিক্ষক শনাক্ত: বেতন ফেরতসহ কঠোর ব্যবস্থার নির্দেশ

সিবি ডেক্স: জাল ও ভুয়া সনদ ব্যবহার করে দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া ৪৭১ জন শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) দীর্ঘ তদন্তে এসব জালিয়াতি ধরা পড়ার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) আনুষ্ঠানিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের এমপিও সুবিধা স্থায়ীভাবে বাতিল করার পাশাপাশি চাকরিকালে সরকার থেকে গ্রহণ করা যাবতীয় বেতন-ভাতা ফেরত নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের নিরীক্ষা কার্যক্রমে স্কুল ও কলেজ পর্যায়ে এই ৪৭১ জন জাল সনদধারী শনাক্ত হয়েছেন। ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। একই সাথে গৃহীত পদক্ষেপের বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করার জন্যও মাউশিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের এই কঠোর অবস্থানের ফলে শিক্ষা খাতে শৃঙ্খলা ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভুয়া সনদধারীদের বিরুদ্ধে শুধু এমপিও বাতিলই নয়, বরং আর্থিক অনিয়মের দায়ে ফৌজদারি মামলার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনাও রয়েছে সরকারের। জালিয়াতি রোধে এবং শিক্ষার মান ধরে রাখতে ভবিষ্যতে এ ধরনের পরিদর্শন কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

Post a Comment

0 Comments