Recents in Beach

ব্রেকিং নিউজ

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

সিবি ডেক্স: ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প উপায়ে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত নুর আলম মাসুদ (৪৫) সোনাগাজীর সততা অয়েল মিলসের স্বত্বাধিকারী এবং সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির বাসিন্দা ছিলেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নজরুল প্রাইমারি এলাকায় বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির সময় অতিরিক্ত তাপমাত্রার কারণে একটি পাইপ বিস্ফোরিত হয়। এতে গুরুতর দগ্ধ হন মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর মাসুদের মৃত্যু হয়।

নিহতের ভাই মোর্শেদ জানান, নতুন একটি পদ্ধতিতে অকটেন তৈরির সময় তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, মাসুদ সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বেচ্ছাসেবী সংগঠক জিয়া উদ্দিন হৃদয় জানান, মাসুদ প্রায়ই ইউটিউব দেখে নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করতেন এবং সেই চেষ্টার অংশ হিসেবেই এই দুর্ঘটনা ঘটে।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বলেন, বিস্ফোরণের ঘটনা পরিদর্শন করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: আরটিভি নিউজ

Post a Comment

0 Comments