সিবি ডেক্স: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় টিকটকের একটি পোস্টে ‘হাহা’ ইমোজি দেওয়াকে কেন্দ্র করে দুই কিশোরকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—খাটরা গ্রামের কালু শেখের ছেলে রোমান (১৬) এবং সিরাজুল শেখের ছেলে তানভীর (১৭)। অভিযুক্ত টুটুল শেখ (২১) একই এলাকার হান্নান শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে টুটুল শেখের টিকটক আইডির একটি পোস্টে রোমান ‘হাহা’ ইমোজি দিলে এতে ক্ষিপ্ত হন টুটুল। পরে সন্ধ্যায় রোমান ও তার বন্ধু তানভীর কুমপাড়া বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে গেলে টুটুল ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান।
এতে তানভীরের গলায় এবং রোমানের বুক ও পেটে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আরটিভি নিউজ
0 Comments