Recents in Beach

ব্রেকিং নিউজ

এনসিপির সব পদ থেকে দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতির পদত্যাগ

সিবি ডেক্স: দলীয় কার্যক্রমের সঙ্গে মতপার্থক্যের অভিযোগ তুলে এনসিপির সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সংগঠক এবং সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)।

শনিবার (১৮ এপ্রিল) তিনি কেন্দ্রীয় আহ্বায়ক বরাবর পাঠানো এক লিখিত পত্রে পদত্যাগের ঘোষণা দেন।

জানা যায়, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক এবং একই বছরের ১৬ মে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান প্রীতি। এছাড়া ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে এনসিপির প্রার্থী হিসেবেও তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল।

তবে পরবর্তীতে ১১ দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন অন্য প্রার্থীর কাছে যাওয়ার পর তিনি দলীয় কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় ঘোষণা করেন।

সম্প্রতি এনসিপির জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণায় তার নাম অন্তর্ভুক্ত করা হলে তিনি বিস্ময় প্রকাশ করেন এবং বিষয়টি জানার পরই আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দলের লক্ষ্য, আদর্শ ও বর্তমান কার্যক্রমের মধ্যে অমিল থাকায় তার পক্ষে দলে থাকা সম্ভব নয়। ভবিষ্যতে তিনি দেশ ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে চান বলেও জানান।

Post a Comment

0 Comments