পারমাণবিক শক্তি ব্যবহারের চূড়ান্ত ধাপে প্রবেশ করছে বাংলাদেশ। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিপাত্রে আজ মঙ্গলবার থেকে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম স্থাপনের কাজ শুরু হচ্ছে। এর মাধ্যমে বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পারমাণবিক শক্তির অধিকারী দেশগুলোর তালিকায় নাম লেখালো বাংলাদেশ।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, এই জ্বালানি প্রবেশ করাতে প্রায় ৩০ দিন সময় লাগবে। এরপর পারমাণবিক বিকিরণ ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করতে আরও ৩৪ দিন প্রয়োজন হবে। সব প্রক্রিয়া শেষে আগামী আগস্ট মাসে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। তবে নিরাপত্তা নিশ্চিত করে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ পেতে আরও প্রায় ১০ মাস সময় লাগতে পারে।
জ্বালানি স্থাপনের এই উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং রুশ পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ উপস্থিত থাকবেন। এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি ভার্চ্যুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে।
দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই একক প্রকল্পে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই বিদ্যুৎকেন্দ্র থেকে দীর্ঘ মেয়াদে জীবাশ্ম জ্বালানির চেয়ে কম খরচে বিদ্যুৎ পাওয়া যাবে, যা দেশের মোট চাহিদার ১০ থেকে ১২ শতাংশ পূরণ করবে। এছাড়া এটি পরিবেশবান্ধব এবং কার্বন নিঃসরণ হ্রাসে বড় ভূমিকা রাখবে।
উল্লেখ্য, রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের কাজ ২০২৩ সালে শেষ হওয়ার কথা থাকলেও করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ডলার সংকটের কারণে সময়সীমা বাড়ানো হয়েছে। বর্তমানে প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আজ শুরু হচ্ছে ইউরেনিয়াম জ্বালানি স্থাপনের কাজ। আগস্টেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ আসার সম্ভাবনা।
সূত্র: Prothom Alo

0 Comments