সিবি ডেক্স: খুব দ্রুতই দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৬০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৫ এপ্রিল) সিলেটের জালালাবাদ গ্যাস মিলনায়তনে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত এই অনুষ্ঠানে সিলেট অঞ্চলের কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী জানান, ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক পদের মামলা জটিলতা নিরসনের কাজ চলছে। এছাড়া শিক্ষক সংকট কাটাতে অবসরপ্রাপ্ত দক্ষ শিক্ষকদের নিয়ে একটি বিশেষ ‘পুল’ গঠন করা হচ্ছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করবেন। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, পাঠদানের মান তদারকিতে প্রতিটি ক্লাসরুমে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্যদের স্মার্টফোনের মাধ্যমে এই সিসি ক্যামেরা কোড ব্যবহার করে নিজ নিজ এলাকার স্কুল তদারকি করার অনুরোধ জানান তিনি।
পরীক্ষা পদ্ধতির সংস্কার নিয়ে মন্ত্রী বলেন, আধুনিক ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’ নির্মাণ করা হবে যাতে সাধারণ পাঠদান ব্যাহত না হয়। ডিজিটাল নকলের নতুন ধরণ সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, শিক্ষকরা ক্লাসে মানসম্মত পাঠদান করলেই শিক্ষার্থীরা নকলের পথ থেকে সরে আসবে। এছাড়া সিলেট-ঢাকা মহাসড়ক প্রশস্তকরণে ক্ষতিগ্রস্ত ১৮টি প্রাথমিক বিদ্যালয়কে অগ্রাধিকার ভিত্তিতে পুনর্নির্মাণ প্রকল্পে অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন তিনি।
0 Comments