কুড়িগ্রামের উলিপুরে নাকা চেকপোস্টে অভিযান চালিয়ে একটি সিএনজি গাড়ি থেকে সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টা ১০ মিনিটে উপজেলার তবকপুর ইউনিয়নের মোহাম্মদের মোড় এলাকায় উলিপুর-চিলমারী সড়কে চেকপোস্ট ডিউটির সময় এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৫ লাখ টাকা।
পুলিশ জানায়, নিয়মিত নাকা চেকিং চলাকালে উলিপুর থেকে চিলমারীগামী একটি সিএনজি চেকপোস্টে থাকা পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে দ্রুত গতিতে ঘুরে পালানোর চেষ্টা করে। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি উল্টে যায়।
দুর্ঘটনার পর চালকসহ তিনজন যাত্রী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজিটি তল্লাশি করে সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার করে।
উদ্ধারকৃত গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি গাড়িটি জব্দ করা হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
0 Comments