এসএসসি পরীক্ষা: চট্টগ্রামের সব কেন্দ্রে সিসিটিভি ও চেকিং বুথের নির্দেশ

সিবি ডেক্স: চট্টগ্রামের প্রতিটি পরীক্ষাকেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপন এবং নকল প্রতিরোধে প্রবেশমুখে বিশেষ চেকিং বুথ স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় এবং এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। এজন্য প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের তল্লাশির জন্য আলাদা বুথ রাখতে হবে।

এছাড়া পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে আইপিএস সংযোজনের নির্দেশ দেন তিনি।

সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মো. নুরুল হক এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন।  

এছাড়াও বক্তব্য দেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এ কে এম সামছু উদ্দিন আজাদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী এবং চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী।

Post a Comment

0 Comments