বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল ‘এসএমই বৈশাখী মেলা ১৪৩৩’। ১২ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চলা এই মেলায় দেশীয় পণ্যের সমাহারে মুখরিত ছিল পুরো প্রাঙ্গণ। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এই মিলনমেলায় নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য এক বিশেষ প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল। মেলায় ১৫০টিরও বেশি স্টলে হস্তশিল্প, পাটজাত পণ্য, তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াজাত পণ্য ও ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শনী ও বিক্রয় চলে। কেনাকাটার পাশাপাশি লোকজ গান ও পিঠা উৎসব দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল বাংলাদেশ তাঁত বোর্ডের আয়োজনে সরাসরি তাঁতে কাপড় বোনা ও সুতা কাটার প্রদর্শনী। এছাড়া মেলায় ফেস পেইন্ট, ক্যারিকেচার ও রণপা পড়া ব্যক্তির উপস্থিতি ছিল নজরকাড়া। অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা জানান, অনলাইনের বাইরে সরাসরি ক্রেতাদের কাছে পণ্য তুলে ধরার এটি একটি বড় সুযোগ। অন্যদিকে, সাশ্রয়ী মূল্যে মানসম্মত দেশীয় পণ্য পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন দর্শনার্থীরা। এসএমই ফাউন্ডেশনের এই উদ্যোগ দেশের অর্থনীতি ও কৃষ্টির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজধানীর আগারগাঁওয়ে শেষ হলো এসএমই বৈশাখী মেলা ১৪৩৩। ১৫০টিরও বেশি স্টলে দেশীয় পণ্যের পসরা সাজিয়েছিলেন উদ্যোক্তারা। কেনাকাটার পাশাপাশি লোকজ গান ও পিঠা উৎসবে মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ।
সূত্র: Prothom Alo

0 Comments