Recents in Beach

ব্রেকিং নিউজ

সাভারে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা, ছাত্রদল নেতা বাবু ভূঁইয়া গ্রেফতার

সিবি ডেক্স: সাভারের আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ইউনিয়ন ছাত্রদল সভাপতি আবু বক্কর ভূঁইয়া ওরফে বাবু ভূঁইয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

পুলিশ জানায়, গত ৪ মার্চ আশুলিয়া থানায় ভুক্তভোগী নারী অভিযোগ দায়ের করেন। তদন্তের পর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলাটি নথিভুক্ত করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবু ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে পরিচয় গড়ে তোলেন। পরে প্রেমের সম্পর্কের কথা বলে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এর ফলে ওই নারী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, নারীটি অন্তঃসত্ত্বা হওয়ার পর অভিযুক্ত কৌশলে সম্পর্ক অস্বীকার করেন এবং বিয়ে করতে অস্বীকৃতি জানান। বিষয়টি ধামাচাপা দিতে ভয়ভীতি প্রদর্শন এবং টাকার বিনিময়ে মীমাংসার প্রস্তাব দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী।

আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, চার মাসের অন্তঃসত্ত্বা ওই নারী সামাজিক ও মানসিক চাপে ভেঙে পড়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে আশুলিয়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় মানবাধিকারকর্মীরাও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

Post a Comment

0 Comments