ঈদ সামনে, নড়াইলে দর্জিদের ব্যস্ততা তুঙ্গে

চলছে পবিত্র মাহে রমজান। আর কিছুদিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে দেয় নতুন পোশাক। ঈদকে সামনে রেখে নড়াইলে পোশাক তৈরির কারিগরদের কর্মব্যস্ততা বেড়েছে।

রোজা শুরুর আগ থেকেই দর্জি দোকানগুলোতে অর্ডার নেওয়া শুরু হয়েছে। দিন যত যাচ্ছে, ততই ব্যস্ত হয়ে পড়ছেন দর্জি কারিগররা। সেলাই মেশিনের শব্দে মুখর হয়ে উঠেছে শহর ও গ্রামের বিভিন্ন টেইলার্স দোকান। বাহারি নকশার কাপড় দিয়ে পছন্দের পোশাক তৈরি করতে সেখানে ভিড় করছেন অনেকেই। শহরের দর্জি কারিগরদের এখন দম ফেলার সময় নেই।

নড়াইল জেলা শহরের বিভিন্ন টেইলার্স ও কারখানায় গিয়ে দেখা যায়, সেলোয়ার-কামিজ, শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। তাদের এই কর্মযজ্ঞ মূলত ঈদকে ঘিরেই। বছরের অন্যান্য সময় কাজ কম থাকায় অনেক সময় কারখানায় বসে বা শুয়ে সময় কাটাতে হয় বলে জানান তারা।

কারিগরদের মতে, পোশাক তৈরির মজুরি কিছুটা বাড়লেও তা শ্রমের তুলনায় খুব বেশি নয়। তবে সামনে ঈদ হওয়ায় রুজি-রোজগারের এই সুযোগ হাতছাড়া করতে চান না তারা। তাই দিন-রাত পরিশ্রম করে অর্ডারের কাজ শেষ করার চেষ্টা করছেন।

বর্তমানে অনেক টেইলার্স নতুন অর্ডার নিচ্ছেন, আবার কেউ কেউ কাজের চাপ বেশি হওয়ায় নতুন অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছেন। পছন্দমতো পোশাক বানাতে ক্রেতারাও ভিড় করছেন তাদের পছন্দের দর্জি দোকানগুলোতে।

শহরের একাধিক টেইলার্স মালিক জানান, অনেক ক্রেতা রেডিমেড থ্রি-পিস কিংবা থান কাপড় কিনে দর্জি দোকানে পোশাক তৈরির অর্ডার দিচ্ছেন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী পোশাক তৈরি করতে দিনরাত দোকান খোলা রেখে কাজ করছেন কারিগররা।

তারা আরও জানান, আগে নেওয়া অর্ডারগুলো নির্ধারিত সময়ে সরবরাহ করতে কারিগররা দিনরাত পরিশ্রম করছেন। কাজের চাপ সামলাতে অনেক টেইলার্স মৌসুমী কারিগরও নিয়োগ দিয়েছেন।

মজুরি প্রসঙ্গে তারা জানান, ঈদ উপলক্ষে নতুন করে কোনো মজুরি বাড়ানো হয়নি। আগের মজুরিতেই পোশাক তৈরি করা হচ্ছে। একটি প্যান্ট সেলাই করতে নেওয়া হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা, শার্ট সেলাইয়ের জন্য ৩৫০ থেকে ৪০০ টাকা এবং থ্রি-পিসের ক্ষেত্রে ডিজাইন ও কাটিং অনুযায়ী ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এছাড়া একটি পাঞ্জাবি সেলাই করতে নেওয়া হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা। তবে বিভিন্ন মার্কেট ও টেইলার্সভেদে মজুরিতে কিছুটা পার্থক্য দেখা যায়।

Post a Comment

0 Comments