উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে গুলি, আতঙ্ক

রাজধানীর উত্তরায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে মোটরসাইকেলে এসে গুলি চালিয়েছে দুই হেলমেটধারী যুবক। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের ২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরা ৭ নম্বর সেক্টরের ‘জান্নাত’ নামের চারতলা বাড়িটির সামনে মোটরসাইকেলে করে দুইজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি আসে। পরে তারা বাড়ির প্রধান ফটক লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বাড়িটির মালিক আবুল কাশেম, যিনি এ কে এস বি (AKSB) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।

বাড়ির নিরাপত্তারক্ষী রফিকুল ইসলাম জানান, ইফতারের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ গুলির শব্দ শুনতে পান তিনি। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীরা প্রথমে এলাকাটি রেকি করে এবং সুযোগ বুঝে গুলি চালিয়ে পাশের একটি গলি দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ, র‍্যাব ও ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা ছাড়াও দুটি তাজা গুলি উদ্ধার করেছে।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান বলেন, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি স্টিলের গেটে দুই রাউন্ড গুলি করে পালিয়ে গেছে। এতে কেউ আহত হয়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।

ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে বাড়ির মালিক আবুল কাশেম বা তার পরিবারের সদস্যরা এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

এটি চাঁদাবাজি নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটেছে—তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

Post a Comment

0 Comments