বুধবার (১১ মার্চ) ভোরে গাজীপুর মহানগরের কোনাবাড়ী বিসিক শিল্পনগরীর ২ নম্বর গেটে অবস্থিত ‘শাম্মী টেলিকম’ নামে একটি মোবাইল ও এক্সেসরিজের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভোরের দিকে স্থানীয়রা দোকান থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, দোকানটি বন্ধ থাকায় অগ্নিকাণ্ডের সময় ভেতরে কেউ ছিল না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দোকানের ভেতরে থাকা মোবাইল ফোন, বিভিন্ন ধরনের মোবাইল এক্সেসরিজ, নগদ অর্থ ও অন্যান্য মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
দোকান মালিক মো. শাহজাহান স্বপন জানান, তার দোকানের মোবাইল ফোন, মোবাইল এক্সেসরিজ ও নগদ অর্থসহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা জানান, ভোরের দিকে আগুন লাগায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই দোকানের ভেতরের অধিকাংশ মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে।
0 Comments