জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী গ্রেফতার

জামালপুর শহরের দড়িপাড়া এলাকায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) রাত ১টার দিকে দড়িপাড়া মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুনসহ পুলিশ অভিযান চালিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুর (৪০) কে গ্রেফতার করে এবং নিহত তাহমিনা আক্তার তানিয়া (৩৬)-এর মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার সঙ্গে দড়িপাড়া এলাকার বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুরের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে তাসফিক ও এক মেয়ে রয়েছে। স্থানীয়দের দাবি, আইনজীবী তাইফুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হওয়ায় সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকত।

নিহতের মামা মনোয়ার ইসলাম কর্নেল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাসায় যান তানিয়া। পরে রাত দেড়টার দিকে তানিয়ার ভাই তুহিন ফোন করে তাকে জানায়, তার বোনকে হত্যা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা শাকিল লস্কর জানান, রাত দেড়টার দিকে হঠাৎ বাসা থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। পরে দ্রুত গিয়ে বাইরের কাচের জানালা ভেঙে ভেতরে তাকিয়ে খাটের ওপর তানিয়ার দগ্ধ মরদেহ দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘরের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত হোসাইন মো. তাইফুরকে গ্রেফতার করা হয়। তিনি জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments