টেকনাফে মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, এক মাস পর ছিল বিয়ে

সিবি ডেক্স: কক্সবাজারের টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আনিস (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তার বিয়ের দিন নির্ধারিত ছিল এক মাস পর।

রোববার (২২ মার্চ) দুপুর ২টার দিকে শাহপরীরদ্বীপ-হারিয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিস টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, ঈদ উপলক্ষে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন তিনি। পথে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী আবুল বশর জানান, সড়কে লবণ মিশ্রিত পানি জমে থাকায় রাস্তা অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়েছিল। এতে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়, সম্প্রতি তার বাগদান সম্পন্ন হয়েছিল এবং রোববার শ্বশুরবাড়ির লোকজন আসার কথা ছিল। বাজার করার জন্য দ্রুত বাড়ি ফিরছিলেন তিনি, কিন্তু দুর্ঘটনায় প্রাণ হারান।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তের চেষ্টা চলছে।

Post a Comment

0 Comments