অন্তর্বর্তী সরকারের বিদেশি চুক্তিতে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: শফিকুর রহমান

সিবি ডেক্স: অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে করা চুক্তি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, এসব চুক্তির বিষয়ে বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে।

জামায়াত আমির বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে কয়েকটি দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদন করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এসব চুক্তির বিষয়ে সরকার তাদের দলের সঙ্গে কোনো আলোচনা করেনি।

তিনি বলেন, সংসদ না থাকায় বিভিন্ন জাতীয় ইস্যুতে সরকার যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়েও একইভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এ বিষয়ে তারা একাধিকবার দাবি জানালেও তৎকালীন সরকার তা আমলে নেয়নি।

শফিকুর রহমান বলেন, এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই।

এর আগে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি নির্বাচনের আগেই দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছিলেন এবং তারা এতে সম্মতি দিয়েছিলেন।

Post a Comment

0 Comments