ঠাকুরগাঁও-১ আসনে প্রাথমিক ফলে এগিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে ঠাকুরগাঁও-১ আসনে ভোট গণনা শুরু হয়েছে। এরই মধ্যে ২০টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এসব ফলাফলে বিএনপি মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে রয়েছেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২০টি কেন্দ্র থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন মোট ২২ হাজার ২১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলওয়ার হোসেন পেয়েছেন ১৪ হাজার ১৮ ভোট। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী খাদেমুল ইসলাম পেয়েছেন ৪০১ ভোট।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা খায়রুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসা শুরু হয়েছে এবং প্রাপ্ত ফলগুলো যোগ করে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে।

এই সংসদীয় আসনে মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১১ হাজার ৬২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫৩ জন, নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার ৫৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখনো অধিকাংশ কেন্দ্রের ফলাফল আসা বাকি রয়েছে। সব কেন্দ্রের ফল যোগ হওয়ার পরই ঠাকুরগাঁও-১ আসনের চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।

Post a Comment

0 Comments