স্বাধীনতা রক্ষায় অটল, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি ঘোষণা

সিবি ডেক্স: বাংলাদেশ নিজেই তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ বাংলাদেশ চাইবে না; একই সঙ্গে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, ২২ ফেব্রুয়ারি থেকে বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। সেখানে সরকারের বৈদেশিক নীতির রূপরেখা তুলে ধরা হয়েছে। তিনি জানান, সরকারের মূল নীতি হচ্ছে ‘বাংলাদেশ ফার্স্ট’—সবার ওপরে থাকবে বাংলাদেশের স্বার্থ। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, পারস্পরিক অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলাই হবে নীতিমালার ভিত্তি।

তিনি আরও বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে পারস্পরিক লাভজনক সম্পর্ক চায়। এ পর্যন্ত সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক হয়েছে। তাদের পক্ষ থেকে সরকারের প্রতি আস্থা ও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপনের আশা করছে বাংলাদেশ। স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে এবং সব ইস্যু পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সমাধান করা হবে। তিনি আরও জানান, ভবিষ্যতে নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে কিছুটা সময় প্রয়োজন।

Post a Comment

0 Comments