রমজানে বড়বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

সিবি ডেক্স: পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে কক্সবাজার শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বড়বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও র‍্যাব।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাজারঘাটা ও বড়বাজার এলাকায় বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম।

অভিযানে বিএসটিআইয়ের অনুমোদনহীন টেস্টিং সল্ট বিক্রির দায়ে একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ব্যবসায়িক নথিপত্রে সামান্য ত্রুটি পাওয়ায় আরও কয়েকটি দোকান মালিককে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাজারের ৫ থেকে ৬টি গুরুত্বপূর্ণ দোকান পরিদর্শন করেন। ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের রশিদ (কাঁচা ও পাকা ভাউচার) যাচাই এবং প্রদর্শিত মূল্যতালিকার সঙ্গে বিক্রয়মূল্যের সামঞ্জস্য খতিয়ে দেখা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতেই এ অভিযান পরিচালিত হয়েছে। তিনি আরও জানান, অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ানোর বিরুদ্ধে কঠোর মনিটরিং অব্যাহত থাকবে।

অভিযানে র‍্যাব, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন জানিয়েছে, রমজানজুড়ে বাজার তদারকি কার্যক্রম চলমান থাকবে।

Post a Comment

0 Comments