স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

সিবি ডেক্স: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচন কমিশন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আইনগত বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুতই তফশিল ঘোষণা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে একান্ত আলাপচারিতায় তিনি জানান, পয়লা বৈশাখের আগেই ধাপে ধাপে প্রস্তুতি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন, রাষ্ট্রপতি ও স্পিকার নির্বাচনসহ কিছু বিষয় রয়েছে, যার অনেকটাই সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনেও নানা চ্যালেঞ্জ ছিল, তবে সবার সহযোগিতায় তা মোকাবিলা করা সম্ভব হয়েছে। সিটি করপোরেশন নির্বাচনও সফলভাবে আয়োজনের বিষয়ে কমিশন আশাবাদী।

তিনি আরও জানান, সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে কমিশনের কাছে চিঠি এসেছে এবং সিদ্ধান্ত নিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে। তবে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের অংশ হওয়ায় আপাতত তা বেশি প্রাধান্য পাচ্ছে।

সিটি করপোরেশন নির্বাচনে বিলম্বের আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, ডিলিমিটেশন, আইনগত জটিলতা বা বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় আছে কি না, তা পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

সংরক্ষিত মহিলা আসন বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন বিদ্যমান আইন অনুযায়ী কাজ করবে। আইন পরিবর্তন হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ১৬ বছর ও তদূর্ধ্ব নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের আওতায় আনার বিষয়ে তিনি বলেন, আইন অনুযায়ী ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

Post a Comment

0 Comments