ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কক্সবাজারের পেকুয়ায় নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই তিনি পেকুয়া উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে তিনি ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, পুত্র সাঈদ ইব্রাহিম আহমদসহ পরিবারের অন্যান্য সদস্যরা। তারাও নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমদ বলেন, ইতিহাসের বাঁক বদলানো শুরু হয়েছে। আমি সবার শেষে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি। মানুষ এখন নিজের ভোটাধিকার নিয়ে সচেতন। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, আমি আশা করি চকরিয়া-পেকুয়ার জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি যতবার নির্বাচন করেছি, ততবারই জনগণ আমাকে নির্বাচিত করেছে।
গণতান্ত্রিক প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে রক্ত দিয়েছেন এবং আমাদের সন্তানেরা শহীদ হয়েছেন, সেই আকাশচুম্বী স্বপ্ন বাস্তবায়নে আমরা গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়েই এগিয়ে যেতে চাই।
উল্লেখ্য, কক্সবাজার-১ আসন থেকে এর আগে তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সালাহউদ্দিন আহমদ।
0 Comments