শান্তিপূর্ণ ভোটে শেষ ত্রয়োদশ সংসদ নির্বাচন

সিবি ডেক্স: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬–এর ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হলেও বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ছিল। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় মোট চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ ছাড়া রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিছু অভিযোগও এসেছে।

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দেন দেশের ভোটাররা। একই সঙ্গে গণভোটের মাধ্যমে সংবিধানের কয়েকটি মৌলিক পরিবর্তনের প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট প্রদান করেন তারা। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে তা সংবিধানের মৌলিক সংস্কার বাস্তবায়নের সূচনা হবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সকালে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দিনটিকে নতুন বাংলাদেশের জন্মদিন হিসেবে উল্লেখ করে সবাইকে মোবারকবাদ জানান এবং বলেন, ‘ঈদ মোবারক’।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। তিনি বলেন, এই ঐতিহাসিক ভোটগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রায়নের পথে যাত্রা শুরু করেছে।

বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান সকালে ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচন নিরপেক্ষ ও বিতর্কহীন হলে ফলাফল মেনে নেওয়া হবে।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মনিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা জানান এবং সরকার গঠনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বেরাইদের এ কে এম রহমত উল্লাহ কলেজ কেন্দ্রে ভোট দিয়ে বলেন, ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে।

ভোট চলাকালে কিশোরগঞ্জের ভৈরবে, চট্টগ্রাম ও খুলনায় তিনটি পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর তাড়ায় রাজ্জাক মিয়া (৫৫) মারা যাওয়ার অভিযোগ ওঠে। চট্টগ্রামে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে মো. মনু মিয়া (৫৭) মারা যান। খুলনায় ভোটকেন্দ্রে গিয়ে বিএনপি নেতা মহিবুজ্জামান কচি (৬০) মৃত্যুবরণ করেন। বিএনপির অভিযোগ, প্রতিপক্ষের ধাক্কায় পড়ে গিয়ে তিনি আহত হন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক পোলিং কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম (৪৮) অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।

এদিকে কুমিল্লার চৌদ্দগ্রাম ও গোপালগঞ্জ সদর উপজেলার দুটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই আনসার সদস্যসহ কয়েকজন আহত হন। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

Post a Comment

0 Comments