রোহিঙ্গা ক্যাম্প ঘিরে কঠোর নিরাপত্তা, কক্সবাজারে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকাগুলোতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।

জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় মোট ৩৩টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। এর মধ্যে উখিয়ার রাজাপালং ও পালংখালী ইউনিয়নে অবস্থিত ২৬টি ক্যাম্প এলাকায় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে সরেজমিনে দেখা গেছে, অন্তত ২০টি সেনা তল্লাশি চৌকি সক্রিয় রয়েছে। টেকনাফ-কক্সবাজার মহাসড়ক এবং ক্যাম্পগুলোর প্রধান প্রবেশমুখে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।

সকাল ১১টার দিকে উখিয়ার ৮ইস্ট, ৮ওয়েস্ট, ৯ ও ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশপথসংলগ্ন বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকায় সেনাসদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা যায়। কেন্দ্র ফটক থেকে আশপাশের সড়ক পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় তারা সক্রিয় ভূমিকা রাখছেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত আসমা বলেন, ভোট সুষ্ঠু ও নিরাপদ করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণা ও পরবর্তী সময় পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা কমান্ড সেন্টার থেকে সার্বক্ষণিক নজরদারি চলছে।

এদিকে জেলার প্রায় সব ভোটকেন্দ্রেই নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কক্সবাজার-৩ আসনের সদর উপজেলা এবং কক্সবাজার-৪ আসনের উখিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

নারী ভোটার আসমা উল হুসনা বলেন, ভোট দেওয়া নাগরিক অধিকার। সকালেই কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ভালো লাগছে।

উখিয়ার একটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নাজির আহমদ জানান, এখন পর্যন্ত তার কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৪৯ হাজার ৯৯২ জন। এসব ভোটার জেলার ৫৯৮টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

Post a Comment

0 Comments