ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে প্রথমবারের মতো নতুন প্রযুক্তির মাধ্যমে সারাদেশের ভোট পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।
ভোটকেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শরীরে সংযুক্ত করা হয়েছে বিশেষ ‘বডি ওর্ন ক্যামেরা’। এসব ক্যামেরার মাধ্যমে সরাসরি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অবস্থিত নির্বাচন কমিশনের আইনশৃঙ্খলা সমন্বয় সেল থেকে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শনে গিয়ে এ প্রযুক্তিগত ব্যবস্থার কার্যকারিতা দেখা গেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ও সংবেদনশীল এলাকাগুলোতে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পোশাকে এই ক্ষুদ্র ক্যামেরা সংযুক্ত করা হয়েছে।
লাইভ স্ট্রিমিং প্রযুক্তির মাধ্যমে প্রতিটি বডি ক্যামেরার ফুটেজ সরাসরি ইন্টারনেটের মাধ্যমে নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছাচ্ছে। ভিডিও চিত্রের পাশাপাশি কেন্দ্রের কথোপকথনও সরাসরি শোনা যাচ্ছে। একই সঙ্গে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবস্থান রিয়েল-টাইম ম্যাপে পর্যবেক্ষণ করা হচ্ছে।
কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, কোনো কেন্দ্রে বড় ধরনের জটলা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা দেখা দিলে কমিশন তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছে। নির্বাচন কমিশনের মতে, সিসিটিভি ক্যামেরার পরিপূরক হিসেবে বডি ওর্ন ক্যামেরা মাঠপর্যায়ে নিরাপত্তা ও নজরদারি জোরদারে কার্যকর ভূমিকা রাখছে।
0 Comments