বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের সাধারণ নির্বাচনের জন্য অর্ধেকের বেশি ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রের অন্তত ৯০ শতাংশে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। পাশাপাশি রাজধানী ঢাকায় মোতায়েন থাকা বহু পুলিশ সদস্য বডি ক্যামেরা ব্যবহার করবেন, যাতে ভোটকেন্দ্রের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা যায়।
অন্যদিকে, পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন ‘বাংলাদেশের নির্বাচন: ভুয়া তথ্যে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভুয়া তথ্য ও অপপ্রচারের বড় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নির্বাচন ঘিরে মনগড়া উক্তি, বিকৃত ছবি ও বিভ্রান্তিকর ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক নেতার নামে মিথ্যা বক্তব্য প্রচার করে জনমনে ক্ষোভ ও বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিদেশি এই দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে নিরাপত্তা জোরদার এবং তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে, যাতে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য থাকে।
0 Comments