নির্বিঘ্ন ভোটেই সব ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান

দেশের মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সকাল ৯টা ৩৬ মিনিটে ভোট দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

তারেক রহমান বলেন, তিনি দৃঢ়ভাবে আশাবাদী যে জনগণের অংশগ্রহণে একটি অর্থবহ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আমি ইনশাআল্লাহ আশাবাদী—দৃঢ়ভাবে আশাবাদী। দেশের মানুষ যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে, তাহলে সব ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।’

নির্বাচনে বিজয়ী হলে অগ্রাধিকার ভিত্তিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, ‘আগেও বলেছি, জয়লাভ করলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে।’

সারা দেশের ভোট পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, এখনো সব জায়গার খবর তাদের কাছে পৌঁছায়নি। তবে গত রাতে কয়েকটি এলাকা থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য পাওয়া গেছে, যা কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইন-শৃঙ্খলা বাহিনী অনেক দারুণভাবে সেসব ঘটনা নিয়ন্ত্রণ ও দমন করেছে।’ তিনি ভোটগ্রহণের বাকি সময়টুকু শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

Post a Comment

0 Comments