নরসিংদী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক জানান, রাত ৯টার দিকে গাজীপুরের মাওনা থেকে নূর মোহাম্মদ নূরা এবং ময়মনসিংহের গৌরিপুর থেকে হযরত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও দুইজনকে আটক করা হয়েছে। এর আগে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মোট নয়জন আসামির মধ্যে সাতজন এখন পর্যন্ত পুলিশের হেফাজতে রয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণের পর হত্যা করা হয়। পরে জেলার মহিষাশুড়া ইউনিয়নের একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় এক ইউপি সদস্যের কাছে বিচার চাওয়াকে কেন্দ্র করে অভিযুক্তরা ক্ষুব্ধ হয়। গত বুধবার রাতে মেয়েকে খালার বাড়িতে পৌঁছে দেওয়ার সময় বিলপাড় এলাকায় নূরার নেতৃত্বে ছয়জন তাকে অপহরণ করে। পরদিন সকালে স্থানীয়রা সরিষা ক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
এ ঘটনায় সদর উপজেলা বিএনপি আহম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপির সহসভাপতির পদ থেকে বহিষ্কার করেছে। শুক্রবার রাত ১০টায় উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, ১৫ দিন আগে বাসায় ফেরার পথে মেয়েকে জোর করে তুলে নেওয়া হয়েছিল। বিচার চেয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য আহমদুল্লাহর কাছে গেলেও কোনো প্রতিকার পাননি বলে তারা অভিযোগ করেন।
0 Comments