চীন মৈত্রীতে জামায়াতের ইফতারে যোগ দেবেন প্রধানমন্ত্রী

সিবি ডেক্স: রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

বিএনপির মিডিয়া সেল জানায়, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এরপর বিকেল সাড়ে ৫টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দেবেন।

উল্লেখ্য, শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তারা ইফতারের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন। পরে সেদিনই প্রধানমন্ত্রী উপস্থিত থাকার সম্মতি জানান।

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে স্ত্রী-সন্তানসহ সপরিবারে ইফতার মাহফিলে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

Post a Comment

0 Comments