দল সামলাতে না পারলে দেশ চালাবে কিভাবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা দেশ পরিচালনা করবে কীভাবে—এটাই জনগণের প্রশ্ন। ৫ আগস্টের পর একটি দল নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে খাজনাপাতি তুলেছে, এতে মানুষ তাদের প্রতি অতিষ্ঠ হয়ে উঠেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ সরকারি আরসি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, পাকিস্তানের বৈষম্যমূলক আচরণের কারণেই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল এবং তার মাধ্যমেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ প্রায় পৌনে চার বছর ধরে শোষণ ও নৈরাজ্যের রাজনীতি চালিয়েছে। এরপর ক্ষমতার হাত বদল হলেও জাতির ভাগ্যের কোনো মৌলিক পরিবর্তন হয়নি।

তিনি বলেন, এই দেশে সবচেয়ে বড় মজলুম দল হচ্ছে জামায়াতে ইসলামী। বিচারিক হত্যাকাণ্ডসহ নানা নির্যাতনের শিকার হলেও জনগণের স্বার্থে কথা বলা আমরা বন্ধ করিনি। জুলাই বিপ্লবের পর পরিবর্তিত বাস্তবতায় আমরা কোনো নির্দোষ ও নিরীহ মানুষকে হয়রানি করিনি। অথচ একটি বড় দলের নেতাকর্মীরা মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত হয়ে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ যদি আমাদের দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের সুযোগ দেন, তাহলে প্রত্যেককে তার ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে। বিদেশে পাচার হওয়া টাকা উদ্ধার করা হবে, কারণ দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে হিজলা ও মেহেন্দিগঞ্জসহ অবহেলিত জনপদের অর্থনৈতিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকারভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, তুমিও তো মায়ের সন্তান—তাহলে আরেক মাকে কেন সম্মান দিতে পারো না? মায়েদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নিজের আইডি হ্যাক হওয়ার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আমার দিকে মিসাইল ছোড়া হয়েছিল, কিন্তু সেটি ফিরে তাদের কপালেই আঘাত করেছে। সত্য কখনো চাপা থাকে না। যে রাজনীতি চাঁদাবাজ, হত্যাকারী ও লুণ্ঠনকারী তৈরি করে—সেই রাজনীতি আমরা চাই না। তাই পরিবর্তনের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, এতদিন দলের পাহারাদারি করেছি। আপনারা সুযোগ দিলে এবার দেশের পাহারাদারি করবো।

Post a Comment

0 Comments