টেকনাফে ভোটকেন্দ্র পরিদর্শনে ডিসি, সুষ্ঠু নির্বাচনের আশ্বাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফ উপজেলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম ও বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল মান্নান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি টেকনাফ পৌরসভার টেকনাফ সরকারি এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় ও টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের জেলা প্রশাসক বলেন, নির্বাচনের জন্য সৎ, দক্ষ, যোগ্য ও নিরপেক্ষ কর্মকর্তাদের বাছাই করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের ভোট গ্রহণ, ফলাফল প্রস্তুত ও সার্বিক দায়িত্ব পালনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের নির্দেশনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি অন ক্যামেরা থাকবে। কিছু কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রোহিঙ্গা ভোটার প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদারকি করছে।

এর আগে তিনি টেকনাফ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এবার টেকনাফ উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবেন মোট ৬১ জন প্রিজাইডিং অফিসার, ৩৮৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭৭৬ জন পোলিং অফিসার। সব মিলিয়ে ১ হাজার ২২৫ জন কর্মকর্তা নির্বাচনী কাজে নিয়োজিত থাকবেন।

উখিয়া–টেকনাফ আসনে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। তারা হলেন—বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী নুর আহমদ আনোয়ারী (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল হক (হাতপাখা) এবং এনডিএমের প্রার্থী সাইফুদ্দিন খালেদ (সিংহ)।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজিব, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) রকিবুল হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমামুল হাফিজ নাদিম, সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী এবং টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টেকনাফ উপজেলায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে এবং মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে।

Post a Comment

0 Comments