বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার এলাকায় প্রেমিক জিহাদের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। জিহাদ হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের মিলনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী পূজা রাণী দাস শিক্ষাসফরে সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে কক্সবাজার যান। সেখান থেকে প্রেমের সম্পর্কের সূত্রে প্রেমিকের হাত ধরে তিনি নিঝুম দ্বীপে চলে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিঝুম দ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সুমন।
শিক্ষাসফরের সময় গত ২ ফেব্রুয়ারি পূজা রাণী দাস কক্সবাজার থেকে নিঝুম দ্বীপে চলে যাওয়ার পর, তাকে খুঁজে না পেয়ে সফরসঙ্গীরা কক্সবাজার ছেড়ে আসে। এতে বিদ্যালয়ের শিক্ষকরা চাপের মুখে পড়েন এবং পরে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
স্থানীয় সূত্র জানায়, জিহাদ আগে চট্টগ্রামে কর্মসূত্রে অবস্থান করতেন। সেই সময়ে পূজা রাণী দাসের সঙ্গে তার পরিচয় হয় এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পূজা রাণী দাস মিরসরাই উপজেলার পূর্ব মায়নি এলাকার অপু দাসের কন্যা।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম জানান, নিঝুম দ্বীপের রাস্তার মাথা এলাকা থেকে শিক্ষার্থীর সন্ধান পাওয়া গেছে। তাকে নিরাপত্তার স্বার্থে থানা হেফাজতে আনা হয়েছে। তার অভিভাবককে খবর দেওয়া হয়েছে এবং উপস্থিত হলে তাকে হস্তান্তর করা হবে।
0 Comments