কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা (স্থানীয়ভাবে টমটম) দুমড়ে-মুচড়ে গিয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শুক্রবার সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়া পাড়া এলাকায় টেকনাফ-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার বাসিন্দা লোকমান হাকিমের ছেলে ও টমটমচালক সাবের মিয়া ওরফে লালু এবং একই ইউনিয়নের পশ্চিম ফুলের ডেইল গ্রামের বাসিন্দা আবুল হোসেনের মেয়ে মুনতাহা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা টমটমটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই টমটমচালক সাবের মিয়া মারা যান। বাসের প্রচণ্ড ধাক্কায় টমটমটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা সড়কে ছিটকে পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কারও কারও অবস্থা সংকটাপন্ন।
পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের কয়েকজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে অতিরিক্ত গতি ও বেপরোয়া যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
0 Comments