রাজশাহী-৫ দুর্গাপুরে ধানের শীষ ও ফুটবল সমর্থকদের সংঘর্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে রাজশাহী-৫ আসনের দুর্গাপুর উপজেলায় ধানের শীষ প্রতীক ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে দুর্গাপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থী ও ইউকে লন্ডন বিএনপির ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিম—যিনি বর্তমানে বিএনপি থেকে বহিষ্কৃত—ভোটকেন্দ্রের সামনে এলে ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মণ্ডলের সমর্থকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে বর্তমানে ভোটকেন্দ্রের পরিবেশ শান্ত রয়েছে এবং ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে।

Post a Comment

0 Comments