রাজধানীতে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি রাজধানীর মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটগ্রহণের পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরে নিজ ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস বলেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবেই হচ্ছে। তিনি বলেন, ‘সুষ্ঠু না হওয়ার মতো কোনো পরিস্থিতি আমি দেখিনি।’
তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যদি ভোটে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং, কারচুপি বা অনিয়মের চেষ্টা করা হয়, তাহলে সেই ফলাফল বিএনপি মেনে নেবে না।
তিনি আরও বলেন, জনগণ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে—এই দায়িত্ব নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের। তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবেই সম্পন্ন হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত ঢাকা–৮ আসনটি মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই আসনে ভোটার ও প্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
এদিকে, এই আসনে মির্জা আব্বাসের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।
0 Comments