প্রথম সাড়ে চার ঘণ্টায় গড়ে ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে

সিবি ডেক্স: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথম সাড়ে চার ঘণ্টায় ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের প্রাপ্ত তথ্য অনুযায়ী গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নির্বাচন ভবনে আয়োজিত ভোটগ্রহণ দিনের প্রথম সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, এখন পর্যন্ত সারা দেশের ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য নির্বাচন কমিশনের হাতে এসেছে এবং প্রাপ্ত তথ্যানুযায়ী এসব কেন্দ্রে গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। একই সঙ্গে তিনি জানান, এখন পর্যন্ত কোনো কেন্দ্রেই ভোটগ্রহণ বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

ইসি সচিব আরও জানান, সারা দেশের ৪২ হাজারের বেশি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্ধারিত সময় শেষ হলে শুরু হবে ভোট গণনার কাজ।

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী দেশের কোথাও বড় ধরনের কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি এবং বিভিন্ন স্থান থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের তথ্য পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশন থেকে নিয়মিত বিরতিতে ভোটের সর্বশেষ তথ্য গণমাধ্যমকে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

Post a Comment

0 Comments