ভারতের সঙ্গে সুসম্পর্ক অগ্রাধিকার: সাক্ষাৎকারে জামায়াত আমির শফিকুর রহমান

সিবি ডেক্স: ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মর্যাদা সমান এবং এখানে সংখ্যালঘু বলে কোনো ভিন্ন ধারণা নেই।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে দলের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা তাদের অগ্রাধিকার। সংখ্যালঘু প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশে প্রত্যেক নাগরিকই প্রথম শ্রেণির নাগরিক এবং ধর্মবিশ্বাসের কারণে সংখ্যাগুরু বা সংখ্যালঘু ধারণাকে তারা প্রশ্রয় দেন না।

তিনি আরও জানান, ভারত সফরের ক্ষেত্রে তার কোনো দ্বিধা বা বাধা নেই এবং নির্বাচন শেষ হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

দেশব্যাপী বিক্ষোভের মধ্যে শেখ হাসিনার ১৫ বছর মেয়াদি সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের ১৮ মাস পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ১৬ মাস পর এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে জামায়াত জোটবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনি জোটের গুরুত্বপূর্ণ অংশীদার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

নির্বাচন ঘিরে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণ নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments