গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ঘোষিত ৩১ দফার অন্যতম অঙ্গীকার হলো সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা। তিনি বলেন, সাংবাদিকরা যেন মালিকের চাকরি নয়, বরং বিবেকের চাকরি করেন। বিবেকের কাছে দায়বদ্ধ থাকলেই প্রকৃত অর্থে দেশের গণমাধ্যম স্বাধীন থাকবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কক্সবাজারের চকরিয়ায় ‘মিট দ্য প্রেস’ শীর্ষক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সাংবাদিকরা রাজনৈতিকভাবে বিভক্ত—এমন ধারণা সঠিক নয়। গণমাধ্যমের ভূমিকা হতে হবে নিরপেক্ষ। তিনি সাংবাদিকদের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, গণমাধ্যমের সামাজিক দায়বদ্ধতা রয়েছে এবং মিস ইনফরমেশন ও ডিজ ইনফরমেশনের মাধ্যমে যেন সমাজে বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, বিগত ১৬-১৭ বছরে গণমাধ্যমকে দলীয়করণ করা হয়েছিল, যার ফলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। যে দেশে গণমাধ্যম স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করে, সে দেশের গণতন্ত্র অনেক বেশি শক্তিশালী হয়। গণমাধ্যমের লক্ষ্য হওয়া উচিত গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া।

সালাহউদ্দিন আহমদ বলেন, স্বাধীন, উন্মুক্ত ও শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠায় বিএনপির যে অঙ্গীকার রয়েছে, তা বাস্তবায়ন করা হবে।

মতবিনিময় সভায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সালাহউদ্দিন আহমদ।

Post a Comment

0 Comments