সাক্ষাৎকারে জামায়াতের আদর্শ ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, জামায়াত নেতৃত্বাধীন জোট এখনো চূড়ান্ত কোনো পর্যায়ে পৌঁছায়নি। নির্বাচনী সহযোগিতা এবং নির্বাচন-পরবর্তী সরকার গঠন নিয়ে আলোচনা চলছে এবং প্রয়োজনে এসব বিষয় নির্বাচনী ইশতেহারে প্রতিফলিত হতে পারে। বর্তমানে জোটের দলগুলোর পৃথক ইশতেহার রয়েছে।
তিনি বলেন, জামায়াত আগের অবস্থান থেকে উল্লেখযোগ্যভাবে সরে এসেছে এবং জানিয়েছে যে, তারা পুরোনো মূল আদর্শের ভিত্তিতে সরকার গঠন করবে না। বরং অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং এমনকি জাতীয় সরকার গঠনের কথাও বলছে দলটি। তবে নারী ও সংখ্যালঘুদের বিষয়ে মৌলিক অবস্থান থেকে সরে গেলে এই জোট টিকবে না বলে স্পষ্ট করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, জামায়াত জানিয়েছে তারা উদার নীতির মধ্যেই থাকবে এবং জোট সরকার গঠিত হলে বাংলাদেশকে ধর্মতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা হবে না। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা এবং নারী ও সংখ্যালঘুদের সমস্যার সমাধান করা হবে বলে তাদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, যা এনসিপির অন্তর্ভুক্তিমূলক আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এনসিপির আহ্বায়ক জানান, জোটের অংশ হিসেবে তারা ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নতুন দল হওয়ায় আসন জয়ের বিষয়ে পূর্বাভাস দেওয়া কঠিন হলেও, নির্বাচন প্রতিযোগিতামূলক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জোটের আদর্শিক ভিত্তি প্রসঙ্গে তিনি বলেন, এই জোট মূলত নির্বাচনী হলেও কিছু অভিন্ন এজেন্ডা রয়েছে। বিপ্লব-পরবর্তী সংস্কার, দুর্নীতিবিরোধী কার্যক্রম, সুশাসন প্রতিষ্ঠা এবং সার্বভৌমত্ব রক্ষাই তাদের প্রধান লক্ষ্য। এ জন্য একটি ঐকমত্য কমিশন গঠন এবং গণভোট আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান তারা, তবে সীমান্ত হত্যা, পানি বণ্টন বিরোধ এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ হওয়া প্রয়োজন। শেখ হাসিনার প্রত্যাবর্তন ও সাজাপ্রাপ্তদের ফেরত দেওয়ার বিষয়টিও তাদের নির্বাচনী দাবির অংশ হবে বলে উল্লেখ করেন তিনি।
জামায়াতের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত দলের ভেতরে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এই সিদ্ধান্তের বিরোধিতা করে ১০ থেকে ১২ জন দল ত্যাগ করলেও তাদের মতামতকে সম্মান করা হয়। এটি ছিল সম্মিলিত ও গণতান্ত্রিক সিদ্ধান্ত।
জুলাই আন্দোলনের নেতাদের একক দল গঠনের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। কেউ স্বাধীনভাবে রাজনীতি করতে চাইলে সেটিও গ্রহণযোগ্য বলে জানান নাহিদ ইসলাম।
0 Comments