বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি রাজনীতিতে মিথ্যা কথা, গীবত এবং অন্যের সমালোচনা পরিহারের আহ্বান জানিয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী আসনের নারগুন ইউনিয়নের কিসমত স্কুল মাঠে এক পথসভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, একটি দল সামনে এসেছে যাদের মানুষ আগে দেখেনি। আগে তারা বিএনপির সঙ্গে ছিল, এখন তারা আলাদা ভাবে নির্বাচন ও রাজনীতি করছে। তবে রাজনীতি করতে গিয়ে মিথ্যা বলা বা কুৎসা রটানো উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, চরমোনাই পীর সাহেবসহ আলেম-ওলামারা ইতোমধ্যে বলেছেন, জামায়াতে ইসলাম কোনো ইসলামী দল নয়। তিনি অভিযোগ করেন, তারা ইসলামের নাম ব্যবহার করে সাধারণ মানুষ ও মা-বোনদের বিভ্রান্ত করছে এবং দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে—এমন কথা বলছে। তিনি বলেন, জান্নাত দেওয়া বা না দেওয়া একমাত্র আল্লাহর এখতিয়ার, কোনো রাজনৈতিক দলের নয়।
মির্জা ফখরুল আরও বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দলের নেতার নারী সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রচারিত হচ্ছে। তিনি বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত—এই শিক্ষা ইসলামে রয়েছে। সেই মা-বোনদের সম্মান না করলে বা তাদের নিয়ে কটু কথা বললে ভালো কাজ করা সম্ভব নয়।
পথসভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
0 Comments