আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে তদারকি শুরু করেছে চকরিয়া থানা পুলিশ।
এরই অংশ হিসেবে বুধবার দুপুরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। এ সময় তিনি ভোটকেন্দ্র এলাকার স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ওসি মো. মনির হোসেন খ্রিস্টান ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্যদের আশ্বস্ত করে বলেন, নিরাপত্তা নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। সবাই নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
বুধবার দুপুরে ওসি মো. মনির হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর আলম মাসুম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি টিম ডুলাহাজারা ইউনিয়নের রিংভং, ছগিরশাহকাটা, চা বাগান, ডুমখালী, মিঠাছড়ি এবং ডুলাহাজারা বাজার এলাকার ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখেন।
চকরিয়া থানার ওসি জানান, নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে মাঠপর্যায়ে করণীয় নির্ধারণ করা হচ্ছে। পাশাপাশি কেন্দ্রগুলোতে অনলাইন ক্যামেরা স্থাপনের প্রস্তুতিও তদারকি করা হয়েছে।
তিনি আরও বলেন, চকরিয়া উপজেলার মোট ১৩০টি ভোটকেন্দ্রেই অনলাইন ক্যামেরা চালু থাকবে এবং সেগুলো সরাসরি মনিটরিং করা হবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
0 Comments