রাজধানীর পল্লবীর মিরপুর-১১ এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্পে একটি বাসা থেকে দুই সন্তানসহ এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, পরিবারটি দীর্ঘদিন ধরে ঋণসংক্রান্ত সমস্যায় ভুগছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক সংকট ও হতাশা থেকেই এই মৃত্যুর ঘটনা ঘটতে পারে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টির প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
0 Comments