সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রথমবার ভোটকেন্দ্র আঙিনা পর্যন্ত সেনা টহল

সিবি ডেক্স: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সেনাসদর। আগের নির্বাচনে যেখানে সর্বোচ্চ ৪০ থেকে ৪২ হাজার সেনাসদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী এলাকায় অবস্থান করতেন, এবার প্রথমবারের মতো ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্সে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাসদরের সামরিক অপারেশন্স পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন।

তিনি বলেন, সাধারণ ভোটাররা যেন নিরাপদে ভোটকেন্দ্রে যাতায়াত করতে পারেন এবং ভোটের প্রতি আস্থা ফিরে আসে—সেই লক্ষ্যেই সেনাসদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে। সেনাবাহিনী প্রধান প্রয়োজনীয় ন্যূনতম সদস্য রেখে বাকি সেনাসদস্যদের নির্বাচনী দায়িত্বে নিয়োগ দিয়েছেন।

তিনি আরও জানান, টহল কার্যক্রম জোরদার করতে প্রয়োজনীয় যানবাহনের ঘাটতি পূরণে বেসামরিক প্রশাসনের সহায়তা চাওয়া হয়েছে। প্রয়োজনে ভাড়া করা যানবাহন ব্যবহার করেও টহল পরিচালনা করা হচ্ছে। গত ২০ জানুয়ারি থেকে সেনাসদস্যরা মাঠপর্যায়ে টহল জোরদার করে দিনরাত দায়িত্ব পালন করছেন।

Post a Comment

0 Comments