বিরামপুরে তারেক রহমানের পথসভা সফল করতে হিলিতে বিএনপির মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৬ আসনের বিরামপুরে আগামী ৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হবে। এই পথসভায় প্রধান অতিথি হিসেবে তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে হিলিতে (হাকিমপুর) বিশাল মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাদ মাগরিব হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বন্দরের চারমাথা মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। মিছিলজুড়ে ‘লাগারে লাগা ধান লাগা’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সংক্ষিপ্ত বক্তব্যে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান বলেন, দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের নির্বাচনী পথসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

তিনি আরও বলেন, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এই এলাকাকে একটি স্বাস্থ্যসেবার মডেল হিসেবে গড়ে তুলেছেন। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাঁকে বিজয়ী করার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এদিকে তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শনে বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বিরামপুরে পৌঁছানোর কথা রয়েছে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলীয় প্রার্থী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহিনুর ইসলাম শাহীন, মো. এরফান আলী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, যুগ্ম আহ্বায়ক আরমান আলী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোফা, পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকার, যুগ্ম আহ্বায়ক কাওসার আলী ও রাহুল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Post a Comment

0 Comments